রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
আপলোড সময় :
২৬-০৯-২০২৬ ১২:০৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৯-২০২৬ ১২:০৭:৫৭ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নিন্দা সত্ত্বেও সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে রাজধানী রিয়াদ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মাঝআকাশেই ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি সামরিক জোট এবং জাতিসংঘের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র নিশ্চিত করেন, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া দুটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া বিমান ঘাঁটি সমৃদ্ধ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুসাইত লক্ষ্য করে ছোড়া আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী।
হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ এক বিবৃতিতে বলেন, এই অভিযানের তীব্রতা, ব্যাপ্তি ও প্রভাব সত্ত্বেও আমাদের সশস্ত্র বাহিনী এটিকে পূর্ণমাত্রার সংঘাতের আগে ক্ষুদ্র প্রস্তুতি পর্ব হিসেবে দেখছে।
সম্প্রতি সৌদি নৌ-অবরোধ এবং লোহিত সাগরের উপকূলে সংঘাত বাড়ার ফলে জ্বালানি তেলের বাজারে প্রভাব পড়েছে। গত জুলাই মাসে শুরু হওয়া এই সহিংসতার কারণে ইয়েমেনে কয়েক বছরের স্থিতিশীলতা ভেঙে নতুন করে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্ট মাস থেকে ইয়েমেনে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৭০ হাজারই শিশু।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার পরিষদের বর্তমান সভাপতি ও ফরাসি দূত জেরোম বোনাফন্ট জানান, নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের হতাহত করা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলাকে নিরাপত্তা পরিষদ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স